২৩ মে ঢাকায় মোটর শো প্রদর্শনী

১৩ মে, ২০২৪ ১৯:৪৮  

রাজধানী পূর্বাচলের বাংলাদেশ বঙ্গবন্ধু-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ২৩ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১৭ তম ঢাকা মোটর শো-২০২৪’ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা এ প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

প্রদর্শনীতে একইসঙ্গে অনুষ্ঠিত হবে ‘৮ম ঢাকা বাইক শো-২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো-২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২৪’। অন্যদিকে, ‘সেমস-গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’ এর যৌথ আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ-২০২৪’ ও ২৫ মে অনুষ্ঠিত হবে কার প্রতিযোগিতা ‘৪র্থ র‍্যালিক্রস চ্যাম্পিয়নশিপ-২০২৪’।

সোমবার (১৩ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ ‘সেমস-গ্লোবাল ইউএসএ’।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, ঢাকা মোটর শো এবং তৎসংশ্লিষ্ট প্রদর্শনীসমূহ মোটর প্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন এবং মোটর স্পোর্টস সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে।